মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

সোনারগাঁয়ে পান দোকানদারের মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভায় মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে পুলিশের ধাওয়ায় একজন পান দোকানদার ও পুলিশের একজন কনস্টেবলের মৃত্যুর ঘটনার সাত দিন পর ওই ব্যবসায়ীর স্ত্রী বাদী হয়ে পুলিশকে আসামী করে মামলা করেছে। নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেক ইমাম এর আদালতে ওই মামলাটি দায়ের করেন নিহত আবদুল মতিনের স্ত্রী নূরতাজ বেগম। মঙ্গলবার দুপুরে আদালত আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন জানান, মামলার অভিযোগে বলা হয় নূরতাজ বেগম ও তার স্বামী আবদুল মতিন বাড়ির পাশের একটি স্তুপ থেকে খড় আনতে যায়। তখন মটরসাইকেলে করে আসা দুইজন ব্যক্তি মতিনকে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করায় ফখরুল ইসলামের (মটরসাইকেলে থাকা এএসআই) নির্দেশে আরিফুজ্জামান আরিফ (কনস্টেবল) পাশের জলাশয়ে মতিনকে চুবিয়ে হত্যা করে। মঙ্গলবার ওই ঘটনায় শুনানী শেষে আদালত অভিযোগটি আমলে নেয়। যেহেতু ওই ঘটনায় একজন পুলিশের কনস্টেবলও মারা গেছে সেহেতু আদালত সোনারগাঁও থানার ওসিকে মামলার ও তদন্তের অগ্রগতি আগামী ৩ অক্টোবরের মধ্যে আদালতে জমা দিতে বলেছেন। ওই প্রতিবেদনের পর নূরতাজ বেগমের মামলার কার্য্যক্রম শুরু হবে।
এখানে উল্লেখ্য যে, গত ৩ আগস্ট আবদুল মতিন ও কনস্টেবল আরিফুজ্জামান আরিফের মৃত্যুর ঘটনার পরদিন ৪ আগস্ট পুলিশের সহকারী পরিদর্শক (এস আই) আলামিন তালুকদার বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামী করে মামলা করেছে। ওইদিন ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Disqus Comments