বুধবার, ২০ জুলাই, ২০১৬

সোনারগাঁয়ে অভিভাবকদের চাপের মুখে স্কুল কমিটির বড় নৌকা তৈরীর উদ্যোগ

ওবায়দুল্লাহ বাদল, পঞ্চমীঘাট থেকে : সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের বিতর্কিত ম্যানেজিং কমিটি অবশেষে মঙ্গলবার (১৯ জুলাই) অভিভাবকদের প্রচন্ড চাপের মুখে পরে কুমারচর, দৌলরদী, ফতেহপুর ও কান্দাপাড়াসহ আরো কয়েকটি গ্রামের প্রায় ৬’শ শিক্ষার্থীর ব্রহ্মপুত্র নদ পারাপারের জন্য বড় আয়তনের নৌকা তৈরীর সিদ্ধান্ত নিয়েছে।
জানা যায়, গত ১৮ জুলাই সোমবার সকালে এক মর্মান্তিক নৌকা ডুবিতে ৮ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তারের অকাল মৃত্যুর কারণে মঙ্গলবার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়। এ সময় ছাত্র-ছাত্রীর অভিভাবকদের জোড়ালো দাবির প্রেক্ষিতে বিদ্যালয়ের বিতর্কিত ম্যানেজিং কমিটি ব্রহ্মপুত্র নদের পূর্ব পাশে অবস্থিত কুমারচর, দৌলরদী, ফতেহপুর ও কান্দাপাড়াসহ আরো কয়েকটি গ্রামের প্রায় ৬’শ শিক্ষার্থীর নিরাপদে পারাপারের জন্য বড় আয়তনের নৌকা তৈরীর সিদ্ধান্ত নেয়। এ সময় নৌকা তৈরীর জন্য স্থানীয় সাদিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা ৫০ হাজার টাকা প্রদানের ঘোষনা দেন। এছাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিএনপির নেতা কামরুজ্জামান ভূঁইয়া মাসুম নৌকা তৈরীর জন্য ৫ হাজার টাকা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন ৫’শ টাকা এবং সিনিয়র শিক্ষক মহাসিন ৫’শ টাকা প্রদানের ঘোষনা দেন।
উল্লেখ্য, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটি ইতিপূর্বে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি না নিয়ে বিদ্যালয়ের শতবর্ষী গাছ কেটে টিনসেড ঘর নির্মাণসহ শিক্ষার্থীদের বেতন বৃদ্ধি ও নির্বাচনী ওয়াদার খেলাপ কাজ করে নানা বিতর্কের জন্ম দেয়। যা বিভিন্ন সময় জাতীয় ও স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়। এসব বিতর্কিত কর্মকান্ডের কারণে এ কমিটির বিরুদ্ধে অভিভাবকদের মাঝে চাঁপা ক্ষোভ বিরাজ করছিল। মঙ্গলবারের শোকসভায় অভিভাবকরা তার বহির্প্রকাশ ঘটায়।

Disqus Comments