মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

সোনারগাঁয়ে ১৬ জুলাই জঙ্গিবাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিশাল প্রতিবাদ সভা

জঙ্গিবাদের বিরুদ্ধে আগামী ১৬ জুলাই (শনিবার) এক বিশাল প্রতিবাদ সভার উদ্যোগ নিয়েছে সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। উপজেলার উদ্ধবগঞ্জস্থিত মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে সকাল ১০টায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এতে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণের জন্য দেশ ও স্বাধীনতা প্রেমিকদেরকে আহ্বান জানিয়েছেন সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও অত্র প্রতিবাদ সভার প্রধান উদ্যোক্তা ওসমান গনী।
এ প্রসঙ্গে উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ওসমান গনী আরো জানান, সম্প্রতি জঙ্গিবাদ এদেশে ভয়াবহ রুপ ধারণ করছে। ইসলামের নামে এই পথভ্রষ্টরা একের পর এক নিরীহ মানুষ হত্যা করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের শান্তি-সম্প্রতি নষ্ট করার ঘৃন্য পাঁয়তারা চালাচ্ছে। তাছাড়া আমাদের ধর্মীয় ভাব-গাম্ভীর্যের প্রতিও তারা কলঙ্ক লেপনের অপচেষ্টা চালাচ্ছে।
সেজন্য আমরা ওই জঘন্য পাপী গোষ্ঠির সার্বিক অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এ উদ্দেশ্যেই আগামী ১৬ জুলাই (শনিবার) সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এক বিশাল প্রতিবাদ সভার উদ্যোগ নিয়েছে।
এতে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গসহ স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।
এ প্রতিবাদ সভায় উপস্থিত থাকার জন্য ডেপুটি কমান্ডার ওসমান গনী- উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদেরকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Disqus Comments