নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও পা বেধেঁ নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে একটি ইলেকট্রনিক দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সোমবার রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতদল নগদ টাকা, মালামালসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এদিকে পুলিশ ডাকাতির ঘটনায় মামলা না নিয়ে চুরির মামলা নিয়েছে বলে দোকান মালিক অভিযোগ করেছেন ।
দোকান মালিক রফিকুল ইসলাম খান লিখিত অভিযোগে উল্লেখ করেন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় হাজী আমিন উদ্দীন খান সুপার মার্কেটে অবস্থিত খান ইলেকট্রনিক নামে একটি ইলেকট্রনিক দোকান দিয়ে দীর্ঘ দিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। সোমবার রাতে নৈশ প্রহরী ফজলু মিয়াকে অশ্রের মুখে জিম্মি করে হাত পা বেধেঁ দোকানে থাকা নগদ তিন লাখ টাকা ও টিভি সহ ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তিনি অভিযোগ করে বলেন, তার দোকানে ডাকাতির ঘটনা ঘটলেও ডাকাতির মামলা না নিয়ে চুরির মামলা নিয়েছে পুলিশ।
নৈশ প্রহরী ফজলু মিয়া জানায়, সোনাপুর এলাকার ইকবাল মিয়া ও বাদশা মিয়ার নেতৃত্বে ১০/১২ জনের ডাকাতদল আমাকে অশ্রের মুখে জিম্মি করে হাত ও পা বেধেঁ রেখে ডাকাতি করে।
সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস.এম. ওবায়দুল হক বলেন, এটি চুরি ঘটনা। পুলিশ তদন্ত করে চুরির মামলা গ্রহন করেছে।