শনিবার, ১৮ জুন, ২০১৬

তাসকিনের বলের আঘাতে গুরুতর আহত সোহরাওয়ার্দী শুভ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তাসকিন আহমেদের বলে আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছে সোহরাওয়ার্দী শুভকে। আজ শনিবার আবাহনী এবং ভিক্টোরিয়ার মধ্যকার ম্যাচে এ ঘটনা ঘটে। তিনি ঘাড়ে আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ভিক্টোরিয়ার বিপর্যয়ে নেমে ভালোই ব্যাট করছিলেন শুভ। আবাহনীর তাসকিন-আবুল হাসানের শর্ট বলগুলিও সামলেছেন অনায়াসেই। কিন্তু ২৫তম ওভারে ঘটে এই দুর্ঘটনা।
তাসকিনের একটি শর্ট বল না খেলে ছেড়ে দিয়েছিলেন শুভ। কিন্তু বলটি প্রত্যাশিত উচ্চতায় না থেকে আসে অনেকটা নিচু হয়ে যায়। বলে চোখ রেখে শুভও চেষ্টা করেছেন যতটা সম্ভব নিচু হতে। তবুও পারেননি এড়াতে। বল আঘাত করে হেলমেটের ঠিক নিচে তার ঘাড়ের ডানপাশে।
সঙ্গে সঙ্গে উইকেটে পড়ে যান শুভ। ছুটে আসেন সবাই। ছুটে যান ফিজিও। আবাহনীর ক্রিকেটাররা বাতাস করেন শুভকে। উইকেটে কিছুক্ষণ দেখে নেওয়ার পর স্ট্রেচারে করে মাঠের বাইরে আনা হয় শুভকে। এই অলরাউন্ডার তখন হাত দিয়ে ঢেকে রেখেছিলেন চোখ।
আঘাত কতটা গুরুতর, এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে জ্ঞান হারাননি তিনি। কিছু প্রশ্নের উত্তরও দিতে পেরেছেন ঠিকঠাক, যেটির মানে সম্বিতও আছ আপাতত। তবে মাথার পেছনে নিচের দিকে ঘাড়ের কাছে জায়গাটা খুব ঝুঁকিপূর্ণ বলেই শঙ্কা।
বাইরে আনার পর বিসিবির চিকিৎসকের কক্ষে খানিকক্ষণ পর্যবেক্ষণ করা হয় শুভকে। এই প্রতিবেদন লেখার সময় তাকে জরুরি ভিত্তিতে নেওয়া হচ্ছিল হাসপাতালে।
Disqus Comments