সোনারগাঁয়ের
সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা বিল্লাল
হোসেন হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী রিক্সাচালক আল আমিনকে পিটিয়ে
হাত-পা ভেঙ্গে অপহৃরনের ১দিন পর বৃহস্পতিবার সকালে ডেমরা আমুলিয়া ষ্টাফ
কোয়াটার মাঠ থেকে উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় এলাকাবাসী ভোরে লাশটি দেখে
পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে
প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,
বুধবার সন্ধ্যায় হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী রিক্সা চালক আল আমিন কাজ
শেষে বাড়ি ফিরছিল। পথে ফতেপুর দড়িকান্দি এলাকায় আগে থেকে ওৎ পেতে থাকা
নিহত বিল্লাল চেয়ারম্যানের ছেলে মাসুমের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল
লাঠিসোটা নিয়ে আল আমিনের উপর হামলা চালায়। এসময় আল আমিনকে পিটিয়ে হাত পা
ভেঙ্গে সেখান থেকে তাকে অপহৃরন করে নিয়ে যায়। পরে বৃহস্পতিবার সকালে ডেমরা
আমুলিয়া ষ্টাফ কোয়াটার মাঠ থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত আল আমিন ফতেপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ জুন বিকেলে জমি
সংক্রান্ত বিরোধে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় সনমান্দি ইউনিয়নের সাবেক
চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা বিল্লাল হোসেনকে। পরে তার ছেলে
মাসুম বাদী হয়ে সোনারগাঁ থানায় ২০জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এ
মামলায় ১২ জনের নামে গত ১৯ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
চার্জশিটের মধ্যে আল আমিনের নাম রয়েছে। আসামীদের মধ্য থেকে ৮জনকে অব্যাহতি
দেওয়া হয়। পরে এ মামলায় ৩জন ১৬৪ ধারা জাবানবন্দি দিয়েছে আদালত।
