বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ

মোঃ কবির হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পশ্চিম হামছাদি এলাকায় এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। বুধবার সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে। ঝুমা আক্তারকে তার স্বামী সোহাগ গলা টিপে হত্যা করেছে বলে স্বজনদের অভিযোগ। ঝুমা দামাদরদী গ্রামের সোলেয়মানের মেয়ে। খবর পেয়ে সোনারগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক গোলাম মোন্তাছির মারূফ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় নিহত ঝুমা আক্তারের বড় ভাই সালাহউদ্দিন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন। নিহত ঝুমা আক্তার এক মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান তার বড় ভাই। সোনারগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক গোলাম মোন্তাছির মারূফ জানান, বৈদ্যেরবাজার ইউনিয়নের পশ্চিম হামছাদি এলাকার নবী হোসেনের ছেলে সোহাগের স্ত্রী ঝুমা আক্তারের লাশ ঘরের ভেতর মেঝো থেকে উদ্ধার করা হয়। এ সময় নিহত ঝুমা আক্তারের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। পুলিশের প্রাথমিক ধারনা হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। এদিকে নিহত ঝুমা আক্তারের ভাই সালাহউদ্দিন বলেন, পশ্চিম হামছাদি এলাকার নবী হোসেনের ছেলে সোহাগের কাছে তার ছোট বোন ঝুমা আক্তারকে গত ৭ মাস আগে বিয়ে দেন। বিয়ের সময় তার বাবা সোলেয়মান ঝুমা আক্তারের সুখের চিন্তা করে যৌতুক হিসেবে সোহাগকে ৮০ হাজার টাকা নগদ দেয়। এদিকে যৌতুকলোভী স্বামী সোহাগ স্ত্রী ঝুমা আক্তারের কাছে আরো যৌতুক দাবি করে প্রায় মারপিট করতো। সকালে সোহাগ যৌতুকের দাবি করে ঝুমা আক্তারকে মারপিট করে ও গলাটিপে হত্যা করে ঘরের খাটে ফেলে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে সোহাগের বাড়ির সবাই পালাতক রয়েছে।###

Disqus Comments