গজারিয়া উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল চর বলাকী গ্রামে প্রাধান্য বিস্তার ও প্রস্তাবিত শিল্প প্রতিষ্ঠানের মাটি ভরাটের কাজের হিস্যা নিয়ে স্থানীয় প্রভাবশালী দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হোসেন্দী ইউপি‘র নব নির্বাচিত ইউপি সদস্য গোলাপ সরকার(৪৫) ও তার ভাই আইয়ুব সরকার(২৮) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। এ সময় সাত জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, পুর্ব রিধোদের জের ধরে হোসেন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ‘লীগ নেতা আব্দুল মতিন মন্টুর পক্ষের লোকজনের ওপর অতর্কিত অস্ত্র সজ্জিত হয়ে তার প্রতিপক্ষ নাজমুল ও আরিফুল ইসলামের পক্ষের লোকজন হামলা চালায় এ সময় মন্টুর পক্ষের ইউনুস মৃধা তার স্ত্রী রেহেনা বেগম,ইমরান মিয়া,জহিরুল ইসলাম,সুলতান মৃধা, ইউপি সদস্য গোলাপ সরকার, জুয়েল মৃধা গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আব্দুল মতিন মন্টুর পক্ষের রিপন সরকার জানান, সদ্য নির্বাচিত ইউপি সদস্য গোলাপ সরকার ও তার ভাই আইয়ুব সরকারকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা হাসপাতালে নেয়ার পথে মারা যায়। অপর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গজারিয়া থানার অফিসার্স ইনচার্জ মো: হেদায়াতুল ইসলাম ভুঞা রাত পৌনে নয়টায় সমকালকে সংঘর্ষ ও গুলি বর্ষণের কথা স্বীকার করে জানান, পর্যাপ্ত আফিসার ,ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে ।হামলা বিষয়ে বক্তব্য নেয়ার জন্য নাজমুল ও আরিফুল ইসলামের মুঠোফোনে চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে গজারিয়া থানার এসআই আপণ কুমার মজুমদার নিশ্চিত করেন, সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ গোলাপ সরকার ও তার ভাই আইয়ুব সরকারের মরদেহ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।