শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬

নাজিরপুর মসজিদের জঙ্গী বিরোধী জনসচেতনতা মূলক আলোচনা সভা

সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নের নাজিরপুর জামে মসজিদে শুক্রবার (১৫ জুলাই) জুম’আর নামাজের সময় থানা পুলিশের উদ্যোগে জঙ্গি বিরোধী জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় থানার এএসআই আবুল কালাম আজাদ জঙ্গিবাদের কুফল, শাস্তি এবং ইসলামের সঙ্গে জঙ্গিবাদের কোন ধরণের সম্পৃক্ততা নেই মর্মে বিশদ আলোচনা করেন এবং জঙ্গিবাদের বিরুদ্ধে মুসল্লীদের রুখে দাঁড়ানোর শপথ করান।

উল্লেখ্য, সম্প্রতি দেশের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া উচ্চ শিক্ষিত তরুনরা ইহুদি-নাসারাদের দালাল ‘আইএস’ সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠির মাধ্যমে ইসলামের অপব্যাখ্যার শিকার হয়ে ভয়ঙ্কর জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়ছে। তারা কিছুদিন পূর্বে গুলশানের একটি রেস্তোরায় বিভিন্ন দেশের নাগরিকসহ নিরীহ মানুষ হত্যা করে প্রিয় মাতৃভূমি এবং শান্তি প্রিয় ইসলাম ধর্মের উপর কলঙ্ক লেপনের চেষ্টা চালিয়েছে। পরে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে যাওয়ার রাস্তায় তারা দায়িত্বরত পুলিশ ও নিরীহ মানুষের উপর হামলা চালিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় তুলেছে। মূলত এ গোষ্ঠিটি ইসলাম ধর্মকে বিধর্মীদের কাছে সন্ত্রাসী বলে প্রমাণের জন্য কৌশলে মুসলমানদের সন্তানদেরকে জিহাদের কথা বলে উল্টো পথে লেলিয়ে দিচ্ছে। কাজেই ইসলামের সঙ্গে জঙ্গি মতাদর্শের যে কোনরুপ সম্পর্ক নেই তা দেশের প্রতিটি পাড়া মহল্লায় মসজিদের মুসল্লীদের হৃদয়ে গেঁথে দেয়ার জন্য প্রশাসনের পাশাপাশি প্রকৃত আলেম সমাজ ও সমাজের সচেতন মহল চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এরই ধারাবাহিকতায় সোনারগাঁ থানার চৌকস পুলিশ অফিসার এএসআই আবুল কালাম আজাদ শুক্রবার জুম’আর নামাজের পূর্বে উপজেলার সনমান্দী ইউনিয়নের নাজিরপুর জামে মসজিদে জঙ্গি বিরোধী এই জনসচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করেন।

Disqus Comments