রবিবার, ১২ জুন, ২০১৬

আজ মীরাক্কেলে লড়বেন বাংলাদেশের তিন প্রতিযোগী

আজ ভারতীয় টিভি চ্যানেল জি বাংলায় প্রচারিত হবে কমেডি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এর গ্র্যান্ড ফিনালে। এতে আজ লড়বেন বাংলাদেশের তিন প্রতিযোগী। তাঁরা হলেন এমদাদুল হক, কমর উদ্দিন ও সাইদুর রহমান। এ ছাড়া ভারতের তিনজন প্রতিযোগীও লড়বেন। এর মধ্যে দুজনের আছে যৌথ পরিবেশনা।
আজ বাংলাদেশ সময় রাত আটটায় প্রচার শুরু হবে এ অনুষ্ঠান। তিন ঘণ্টাব্যাপী চলবে জমজমাট এ কমেডি আসর। এতে প্রত্যেক প্রতিযোগী দুবার করে হাজির হবেন তাঁদের পরিবেশনা নিয়ে।
এরই মধ্যে পুরো অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে। গ্র্যান্ড ফিনালেতে অতিথিতে হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার বেশ কজন তারকা। তাঁদের পরিবেশনার পাশাপাশি বিচারকদেরও পরিবেশনা থাকবে গ্র্যান্ড ফিনালেতে। এবারের সিজনে শুরু থেকেই বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন পরান বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্রীলেখা মিত্র। আগের সিজনগুলোতেও দেখা গেছে তাঁদের।
মীর আফসার আলীর প্রাণবন্ত উপস্থাপনা এবং বাংলাদেশি প্রতিযোগীদের অংশগ্রহণের ফলে এ দেশেও বেশ জনপ্রিয় এ শো। এ বছর বাংলাদেশ থেকে নয়জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সাত মাসের গ্রুমিং, নিয়মিত পরিবেশনা শেষে টিকে আছেন তিনজন। আজকের গ্র্যান্ড ফিনালের মাধ্যমে ১০ বছরে পা দেবে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ প্রতিযোগিতাটি।

Disqus Comments