শুক্রবার, ১৭ জুন, ২০১৬

যশোরে জোড়া শিশুর জন্ম

জেলার চৌগাছায় রিনা খাতুন (৩৫) নামে এক মা জোড়া লাগা দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। শিশু দুটির হাত, পা, মাথা আলাদা থাকলে পেটে জোড়া রয়েছে। তিনি উপজেলার উজিরপুর গ্রামের মিন্টু হোসেনের স্ত্রী।
শুক্রবার (১৭ জুন) সকাল ৯টার দিকে চৌগাছার একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম হয়। গৃহবধূ ওই ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। জোড়া লাগা শিশু দুটি সকাল ১০টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সুস্থ আছে বলে জানিয়েছেন সেবিকা ও চিকিৎসকরা।
নবজাতকের চাচা আকতারুজ্জামান বলেন, কৃষক মিন্টু হোসেন ও গৃহিনী রিনা খাতুনের তিন সন্তান রয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে চৌগাছার একটি বেসরকারি ক্লিনিকে রিনা খাতুনের সিজার করে জোড়া লাগা শিশু জন্ম হয়। মাকে ওই ক্লিনিকে রাখা হলেও শিশুদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, জোড়া লাগা শিশু দুটিকে ঘিরে উৎসুক মানুষের ভিড়। সকাল থেকে মানুষ এক নজর দেখার জন্য শিশু ওয়ার্ডে ভিড় করছে।
শিশু ওয়ার্ডের দায়িত্বে থাকা সেবিকা শারমিন নাহার বলেন, কন্যা শিশুর দুই মাথা, চার হাত-পা পৃথক আছে। শুধুমাত্র নাভি একটা। অথ্যাৎ শিশু দুটির পেটে জোড়া লাগা রয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশু দুটি সুস্থ্য রয়েছে।
তিনি আরও বলেন, শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমানসহ কয়েক জন ডাক্তার শিশু দুটিকে কয়েক দফায় দেখেছেন। এরপর পর তারা শিশুটি ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমান জানিয়েছেন, শিশু দুটির শরীরের অর্গানগুলো যদি আলাদা থাকে, তবে তাদের চিকিৎসার মাধ্যমে আলাদা করা সম্ভব হবে।


Disqus Comments