সোমবার, ৪ জুলাই, ২০১৬

সোনারগাঁয়ে র‍্যাবের অভিযানে ৪ হাজার ২শ ৪৪বোতল হুইস্কি উদ্ধার

নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর একটি টিম সোমবার সকালে সোনারগাঁয়ের পিরোজপুর থেকে বিদেশী ৪ হাজার ২শ ৪৪ বোতল বিদেশী হুইস্কি উদ্ধার করা হয়েছে যার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। তবে অভিযানের সময়ে কাউকে আটক করা যায়নি।

দুপুরে আদমজীতে অবস্থিত র‌্যাবের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান হাসান জানান, র‌্যাব-১১ এর এএসপি মোঃ আলেপ উদ্দিনের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন ১৩৪২ চর রমজান, ছানাউল¬াহ গঙ্গানগরস্থ জনৈক জাহিদ হোসেন এর মালিকানাধীন এমএম ট্রেড অ্যাপারেলস এর চার তলা বিল্ডিং এর ৩য় তলার দক্ষিণ পাশে একটি কক্ষের ভিতর অভিযান পরিচালনা করে। ওই সময়ে ৪২৪৪ বোতল বিদেশী মদ (হুইস্কি)  আটক করা হয়। র‌্যাব ঘটনাস্থলে পৌছার পূর্বেই মাদকের ডিলার ও মাদক ব্যবসায়ের সাথে জড়িত তিন মাদক বিক্রেতা জাহিদ হোসেন (৫৫), নাছির (৪৫) ও নাছিরের ম্যানেজার সুমন (৩৫) সুকৌশলে পালিয়ে যায়।

প্রাথমিক তদন্তে জানা যায়, উল্লেখিত মাদক ব্যবসায়ীগণ দীর্ঘদিন যাবৎ এমএম ট্রেড অ্যাপারেলস গার্মেন্টের বিভিন্ন দ্রব্যসামগ্রীর নামে বিদেশ থেকে কনটেইনারের মাধ্যমে অবৈধ পন্থায় বিভিন্ন বিদেশী ব্র্যান্ডের মদ (হুইস্কি) আমদানী করত। এরপর তারা সেগুলো অত্যন্ত গোপনীয়তার সাথে অন্যত্র পরিবহন ও কালোবাজারে বিক্রি করত।

প্রত্যক্ষদর্শীদের বিবরণে আরো জানা যায় যে, ২/১ দিন পরপর গভীর রাতে ঢাকা হতে জনৈক নাছির ও তার সহযোগী ম্যানেজার সুমন প্রয়োজনীয় গাড়ী ও নিজস্ব শ্রমিকসহ এসে বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশনের বড় কার্টুনে ভর্তি করে এসকল মাদকসমূহ এখান থেকে অন্যত্র স্থানান্তর করত। র‌্যাব-১১ এর বিশেষ আভিযানিক দল তাদের গতিবিধি নজরদারী করে পুরোপুরি নিশ্চিত হওয়ার পর বর্ণিত মাদকের গোডাউনটি সনাক্ত করতঃ বিপুল পরিমান মাদকদ্রব্যসমূহ আটক করতে সক্ষম হয়। এ সংক্রান্তে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও পলাতক আসামীদের গ্রেফতার করার জোর প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।

Disqus Comments